উপজেলা হাসপাতালে প্যাথলজি ল্যাব স্থাপনের ঘোষণা

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম

চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জেলা মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল এবং উপজেলা পর্যায়ের হাসপাতালে ধাপে ধাপে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের কথাও জানিয়েছেন।  

সোমবার (১৩ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্প্ল্যাশ’ (SPLASH) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দেন।  

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সাধারণ মানুষকে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চলতি মাসেই আধুনিক প্যাথলজি ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি শুরু হবে এবং চলতি বছরের মধ্যেই তা প্রতিটি উপজেলা হাসপাতালে স্থাপন করা হবে। ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি, জেলা হাসপাতালে ১০টি এবং উপজেলা পর্যায়ের হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস শয্যার ব্যবস্থা করা হচ্ছে।  

উপজেলা হাসপাতালের আধুনিকায়নের ধারাবাহিকতা উল্লেখ করে মন্ত্রী বলেন, অতীতে ৩১ শয্যার উপজেলা হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছিল। বর্তমানে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে ব্রেস্টফিডিং কর্নার, প্রেয়ার কর্নার, আধুনিক প্যাথলজি বিভাগ এবং কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগও রয়েছে সরকারের। 

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, বিশ্বে মানবিক সংকটপূর্ণ পরিবেশে থাকা শিশুদের শিক্ষা ও জীবনদক্ষতা বাড়াতে ৫ কোটি মার্কিন ডলারের অংশীদারত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে এই প্রকল্পের প্রথম ধাপ ২০২৬ সালের জুন থেকে ২০৮ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বক্তব্য দেন।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত