আইআরজিসিকে ‘বিদেশি রাষ্ট্রীয় হুমকি’ ঘোষণা যুক্তরাজ্যের

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য ‘বিদেশি রাষ্ট্রীয় হুমকি’ হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে ব্রিটিশ সরকার। নতুন এই পদক্ষেপ কার্যকর হলে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডও থাকতে পারে।

ব্রিটিশ সরকারের ঘোষণায় বলা হয়েছে, ইরান-সংশ্লিষ্ট আরেকটি সংগঠন ইসলামিক মুভমেন্ট অব কম্প্যানিয়নস অব দ্য রাইট-কেও একই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কর্তৃপক্ষের দাবি, সংগঠনটি যুক্তরাজ্যে ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত সাতটি হামলার দায় স্বীকার করেছে।

নতুন আইনের আওতায় স্বরাষ্ট্রমন্ত্রী এমন সব সংগঠনকে তালিকাভুক্ত করার ক্ষমতা পাবেন, যেগুলো বিদেশি রাষ্ট্রের পক্ষে বা তাদের স্বার্থে কার্যক্রম পরিচালনা করে। রাষ্ট্র-সমর্থিত নিরাপত্তা হুমকি মোকাবিলায় এই আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

আইনটি কার্যকর হলে তালিকাভুক্ত কোনো সংগঠনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো, তাদের সহায়তা করা কিংবা তাদের কাছ থেকে আর্থিক বা অন্য কোনো ধরনের সুবিধা গ্রহণ করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।

যুক্তরাজ্যের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে নিরাপত্তা, আঞ্চলিক উত্তেজনা এবং রাষ্ট্রীয় প্রভাব বিস্তার নিয়ে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন