সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এবার সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ভাতা অর্ধেকে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে এ খাতে মাসিক ৫০ হাজার টাকা পেলেও নতুন সিদ্ধান্ত কার্যকর হলে কর্মকর্তারা পাবেন ২৫ হাজার টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি এ-সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সরকারি ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে নেওয়া ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি কেনার ক্ষেত্রে দেওয়া ৩০ লাখ টাকার সুদমুক্ত ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে।
২০১৭ সালে চালু হওয়া ওই ঋণ সুবিধার আওতায় উপসচিব থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যায়ের সরকারি কর্মকর্তারা সুদমুক্ত ঋণ পেতেন। গত বৃহস্পতিবার (৯ জুলাই) সরকার আনুষ্ঠানিকভাবে এ সুবিধা স্থগিতের সিদ্ধান্ত নেয়।
ব্যয় সংকোচন নীতির আওতায় সরকার ইতোমধ্যে নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ, সরকারি অর্থায়নে বিদেশ সফর এবং বিদেশে প্রশিক্ষণের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে। একই ধারাবাহিকতায় এবার গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ
রেকর্ড রেমিট্যান্স নিয়ে নতুন অর্থবছরের শুরু
বিকাশে ক্যাশ আউট খরচ কমলো