বঙ্গোপসাগরে সাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম

বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি ফিশিং ট্রলার ডুবে পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন। ট্রলারটিতে থাকা অন্য সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।

নিখোঁজ জেলেরা হলেন, দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (১৮), আবুল কাশেমের ছেলে মো. করিম (২০), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২৩), আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৫) এবং পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়ার নাছির উদ্দীন (১৮)।

কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম বলেন, বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামে ফিশিং ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়।

আবুল কালাম বলেন, দুর্ঘটনার পর সাত জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন। বিকেলে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থানও শনাক্ত করা হয়েছে।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। বোট মালিকের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত