ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে এবার বড় ধরনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজ ম্যাক্স'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, মার্কিন হামলার কারণে ইরানের ক্ষমতা 'নজিরবিহীনভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে' এবং দেশটিকে অনেকটা প্রস্তর যুগে (Stone Ages) ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সামরিক ক্ষয়ক্ষতির একটি বিশাল খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, ইরানিদের ক্ষমতা এখন অনেকটাই কেড়ে নেওয়া হয়েছে। তাদের এখন সামান্য কিছু অবশিষ্ট থাকতে পারে, তবে অধিকাংশ শক্তিই শেষ। উদাহরণস্বরূপ, তাদের সামরিক বাহিনীর ১৫৯টি জাহাজ ছিল; যার ১৫৯টিই এখন সমুদ্রের নিচে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, তাদের ২০০টি বিমান ছিল, যার সবকটিই এখন হাওয়া। তাদের রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, বিমান বিধ্বংসী ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং অস্ত্র তৈরির সক্ষমতাও প্রায় ৮৪ শতাংশ শেষ হয়ে গেছে।
মধ্যপ্রাচ্যে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, ফলে চার মাস আগে তারা যেমন দেশ ছিল, এখন তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন এক দেশে পরিণত হয়েছে। মাত্র চার মাসে আমরা তাদের অনেকাংশেই প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে গেছি। অবশ্য এর মধ্যেও তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র এবং সামান্য সক্ষমতা রয়ে গেছে, তবে তারা মূলত ভিন্ন এক অন্ধকার সময়ে ফিরে গেছে।
মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ও নিজের অনড় অবস্থান জানান দিয়ে ট্রাম্প বলেন, ইরান ছিল মধ্যপ্রাচ্যের ত্রাস (Bully), তারা আর আমাকে ভয় দেখাতে (Bullying) পারবে না।
ইরানের সাথে চুক্তি এখনও সম্ভব : ডোনাল্ড ট্রাম্প
পুনেতে টানা বৃষ্টিতে ল্যান্ডফিল ধসে নিহত ৯ শ্রমিক