সায়েন্স ল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর কথিত মন্তব্যের প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি জানান।

সায়েন্স ল্যাব মোড় এবং উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ছিল-‘তুমি কে, আমি কে-ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে-শিক্ষামন্ত্রী’ এবং ‘দফা এক, দাবি এক-শিক্ষামন্ত্রীর পদত্যাগ’। তাদের হাতে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় মিছিল নিয়ে সড়কে অবস্থান নিয়েছেন। তাদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।

অন্যদিকে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার শাহীন আলম জানান, উত্তরার বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে আব্দুল্লাহপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে বলে তারা খবর পেয়েছেন।

বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে ধানমন্ডিমুখী সড়ক অবরোধ করলে নিউ মার্কেটমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

আন্দোলনকারীদের দাবি, বৈরী আবহাওয়া ও দেশের বিভিন্ন স্থানের বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর ফলে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। জলাবদ্ধতা, যানজট এবং যোগাযোগব্যবস্থার নানা প্রতিবন্ধকতার কারণে অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি।

বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী মহসিন শেখ বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করেই পরীক্ষা নেওয়া হয়েছে। বিশেষ করে বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে কেন্দ্রে যেতে পারেননি। এ কারণেই তারা এ সিদ্ধান্তের প্রতিবাদ করছেন।

সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, পরীক্ষার্থীদের দুর্ভোগের দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না। শিক্ষার্থীদের ভোগান্তিকে গুরুত্ব দিয়ে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথোপকথন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। ভাইরাল হওয়া ওই অডিওতে একজন পুরুষ কণ্ঠকে এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করতে শোনা যায়। আন্দোলনকারীদের দাবি, কণ্ঠটি শিক্ষামন্ত্রীর।

বিএএফ শাহীন কলেজের এক পরীক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রী অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা বললেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে তার জবাবদিহি করা উচিত বলেও দাবি করেন তিনি।

এদিকে চলমান দুর্যোগ পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা তিন দফা দাবি ঘোষণা করেছেন। দাবিগুলো হলো-

  • দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে।
  • বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
  • আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে।
NM/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত