চলমান বিশ্বকাপে ম্যাচ কর্মকর্তা ও রেফারিদের মাধ্যমে আর্জেন্টিনাকে অন্যায্য সুবিধা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবি উঠেছে। এ দাবিতে চালু হওয়া একটি অনলাইন পিটিশনে ইতোমধ্যে ৯৮ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই পিটিশন ঘিরে বিশ্ব ফুটবলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে এসব অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার দাবি, ভিএআরসহ আধুনিক প্রযুক্তির যুগে কোনো নির্দিষ্ট দলকে ইচ্ছাকৃতভাবে সুবিধা পাইয়ে দেওয়া কার্যত অসম্ভব। তিনি এসব অভিযোগকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন রটনা বলেও উল্লেখ করেন।
'আর্জেন্টিনা আউট ডটকম' (argentinaout.com) নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত পিটিশনে অভিযোগ করা হয়েছে, ফিফা এবং ম্যাচ কর্মকর্তারা পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা ও অধিনায়ক লিওনেল মেসির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন।
পিটিশনে বলা হয়েছে, ‘যদি আগেই বিজয়ী নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন প্রতিযোগিতা করবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করে সব দলকে সমান সুযোগ দেওয়া হোক।’
বিতর্কের সূত্রপাত মূলত শেষ ষোলোর আর্জেন্টিনা–মিশর ম্যাচকে ঘিরে। সেই ম্যাচে প্রথমার্ধে মেসি পেনাল্টি মিস করেন এবং আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে পড়ে। তবে শেষ ১৩ মিনিটে টানা তিন গোল করে নাটকীয় জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে মিশর। তাদের অভিযোগ, ভিএআরের মাধ্যমে তাদের একটি গোল বাতিল করা হলেও, আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মোহাম্মদ সালাহর ওপর হওয়া ফাউলটি পর্যালোচনা করা হয়নি। মিশরের দাবি, ওই গোল বাতিল করে তাদের পেনাল্টি দেওয়া উচিত ছিল।
ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান বলেন, ‘পরিণতির কথা না ভেবেই বলছি, এটি সাজানো ম্যাচ। যদি আর্জেন্টিনাকেই জেতাতে হয়, তাহলে অন্য দলগুলোকে বিশ্বকাপে আনার প্রয়োজন কী? ফিফা শুধু মেসিকে টুর্নামেন্টে রাখতে চায়। তারা ফেয়ার প্লের কথা বলে, কিন্তু আমরা মাঠে তার কোনো প্রমাণ দেখিনি।’
তবে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আধুনিক ফুটবলে প্রযুক্তির উপস্থিতিতে এমন অভিযোগের কোনো ভিত্তি নেই।
তিনি আরও বলেন, ‘১৯৮৬ সালেও, যখন আমরা বিশ্বকাপ জিতেছিলাম, তখনও বলা হয়েছিল আর্জেন্টিনা অন্যায্য সুবিধা পাচ্ছে। আমাদের জন্য এসব সমালোচনা নতুন কিছু নয়।’
সেমিফাইনাল ম্যাচের আগে কেইনের বিশেষ বার্তা
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
ফাইনালে শিষ্য স্কালোনির আর্জেন্টিনাকে চান স্পেন কোচ