এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে শেফালি ভার্মাকে আউট করার পর উসকানিমূলক অঙ্গভঙ্গি করায় জরিমানা গুনতে হলো পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানাকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ফাতিমার বিরুদ্ধে এই শাস্তির ঘোষণা দেয় আইসিসি। গত শনিবার দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে ভারতের কাছে পাকিস্তান সাত উইকেটে হেরে যাওয়ার দুই দিন পর এ সিদ্ধান্ত এলো।
ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে। ফাতিমার বলে ক্যাচ ও বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শেফালি। এরপর ব্যাটারের দিকে অঙ্গভঙ্গি করে তাকে প্যাভিলিয়নের দিকে যাওয়ার ইঙ্গিত দেন পাকিস্তান অধিনায়ক।
ওই ম্যাচে শেফালি মাত্র ছয় বলে ১২ রান করেন। তার বিদায়ের পর ভারত সহজেই লক্ষ্যে পৌঁছে পাকিস্তানকে সাত উইকেটে হারায় এবং টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারাও ধরে রাখে।
অঙ্গভঙ্গির ঘটনায় নিজের অপরাধ স্বীকার করেছেন ফাতিমা। আইসিসির আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে হেয় করা বা উসকানিমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ।
এ ঘটনায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানার পাশাপাশি ফাতিমার শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় অপরাধ। এর আগে ২০২৫ সালের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে আচরণবিধি ভাঙার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রথম স্তরের অপরাধে আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।
এদিকে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সোমবার হংকংয়ের বিপক্ষে জয়ের প্রয়োজন পাকিস্তানের।
নারীদের এশিয়া কাপে রেকর্ড সাতবার শিরোপা জিতেছে ভারত। সর্বশেষ ২০২২ সালে চ্যাম্পিয়ন হয় তারা। পাকিস্তান এখনো এই প্রতিযোগিতায় শিরোপা জিততে পারেনি। ২০১২ ও ২০১৬ সালে দুবার রানার্সআপ হয়েছিল তারা।
২০২৪ সালের অক্টোবরে মাত্র ২২ বছর বয়সে পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক হন ফাতিমা। দায়িত্ব পাওয়ার সময় তিনি ছিলেন দলটির ইতিহাসের সবচেয়ে কম বয়সী অধিনায়ক। সূত্র: আলজাজিরা
ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা দাবি করলেন লারা
শ্রীলঙ্কার পরিবর্তে ভারতে প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক জয়