যুক্তরাষ্ট্রে শপিংমলে ভারতীয় মুসলিম কর্মীকে ছুরিকাঘাত

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১০:২৭ এএম

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ওয়েস্ট ভ্যালি সিটির একটি শপিংমলে এক ভারতীয় মুসলিম কর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্তকারীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, মুসলিম পরিচয়ের কারণেই তিনি ওই কর্মীকে লক্ষ্য করেছিলেন।

গত সোমবার ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলে এ ঘটনা ঘটে। আদালতের নথি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির নাম পিটার মাইকেল লারসেন (৪৮)। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং বিপজ্জনক অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি সল্টলেক কাউন্টি জেলে রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তির নাম সোহেল। তিনি মলের একটি কিয়স্কে কাজ করতেন। পাশের একটি জুয়েলারি দোকানের কর্মী লুনা নুনেস বলেন, হামলার আগে লারসেন সোহেলের কাছে গিয়ে তার পরিচয় জানতে চান। তিনি প্রথমে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ সোহেল জানান, তিনি ভারত থেকে এসেছেন। এরপর লারসেন জানতে চান, ‘আপনি কি মুসলিম?’

সোহেল ‘হ্যাঁ’ বলার পরই লারসেন ছুরি বের করে তার ওপর হামলা চালান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

উটাহ ইসলামিক সেন্টারের ইমাম জানান, হামলার আগে লারসেন সোহেলের কাছে এক বোতল পানি চেয়েছিলেন। সোহেল পানি আনতে ঘুরে দাঁড়ানোর পরই তার ওপর হামলা চালানো হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মলে থাকা কয়েকজন ক্রেতা ও কর্মী হামলাকারীকে ধরে ফেলেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে লারসেন বলেন, মুসলিম হওয়ার কারণেই তিনি সোহেলকে লক্ষ্য করেছিলেন। আদালতের নথিতে আরও বলা হয়েছে, তিনি মুসলিমদের হত্যা করার ইচ্ছার কথাও তদন্তকারীদের জানিয়েছেন। 

এদিকে গুরুতর আহত সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক অস্ত্রোপচারের পর তিনি পরিচর্যা কেন্দ্রে নিবিড় (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সোহেলের চিকিৎসার খরচে সহায়তার জন্য সহকর্মী লুনা নুনেস একটি অনলাইন তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন। তিনি জানান, সোহেলের স্বাস্থ্যবিমা নেই। পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। তার স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে।

সোহেলের ম্যানেজার আদনান মোহাম্মদ এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘ঘৃণা ও বিদ্বেষের কোনো জায়গা সমাজে থাকা উচিত নয়।’ তিনি বলেন, সোহেল একজন পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মী ছিলেন এবং কাজের দক্ষতার কারণে তাকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শী লুনা নুনেসের দাবি, হামলার আগে লারসেন মলের আরও কয়েকজন কর্মীর ধর্মীয় পরিচয় সম্পর্কেও জানতে চাইছিলেন।

মানবাধিকারকর্মীদের মতে, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে মুসলিমবিদ্বেষী হামলার ঘটনা নিয়ে উদ্বেগ বেড়েছে।

সূত্র: এনডিটিভি

NM/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত