মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১০:১৯ এএম

মার্কিন সামরিক বাহিনীর নতুন দফার হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, কুয়েত ও জর্ডানে অবস্থিত কৌশলগত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এই জোরালো প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং ইরানি সেনাবাহিনী।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কুয়েতের ‘আলি আল সালেম’ বিমান ঘাঁটিতে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এই হামলায় মার্কিন সেনাদের একটি বড় সমাবেশস্থল বা জমায়েত কেন্দ্র এবং একটি সি-র‍্যাম (C-RAM) আর্লি-ওয়ার্নিং রাডার ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে তারা।

বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করে যে, বাহরাইন ও জর্ডানের পাশাপাশি কুয়েতের এই ঘাঁটিও তাদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল।

অন্যদিকে, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ‘আজরাক’ (Azraq) ঘাঁটিতেও সফল হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই হামলায় ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক যোগাযোগ ব্যবস্থা এবং বিশাল জ্বালানি সংরক্ষণাগারকে (ফুয়েল ট্যাংক) লক্ষ্যবস্তু করা হয়েছে।

উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জর্ডানের এই বিমান ঘাঁটিটি মার্কিন সামরিক পার্সোনেল ও বিভিন্ন অপারেশনের জন্য ব্যবহৃত হয়ে আসছিল।

ইরানের পক্ষ থেকে এই হামলার দাবি করা হলেও, ওয়াশিংটন বা আঞ্চলিক মিত্রদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম), মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন কিংবা জর্ডান প্রশাসনের পক্ষ থেকে এই হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: রয়টার্স

YA
আরও পড়ুন