অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ এএম

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ২৭ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) পুলিশি পাহারায় ট্রেনে করে তাঁদের পাঠানো হয়। শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে গুরুগ্রাম পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গুরুগ্রাম পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) ও পুলিশ অপারেশনস স্টাফের পৃথক অভিযানে ওই ২৭ বাংলাদেশিকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে তাঁদের কাছে ভারতে অবস্থানের বৈধ ভিসা, পাসপোর্ট কিংবা অনুমোদনসংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি। পরে তাঁদের মানেসরের একটি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এক পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার পুলিশি তত্ত্বাবধানে ট্রেনে করে ২৭ বাংলাদেশিকে পাঠানো হয়েছে। তাঁদের যাত্রার জন্য ট্রেনে একটি অতিরিক্ত সাধারণ বগিও যুক্ত করা হয়।

ওই কর্মকর্তা বলেন, ২৭ বাংলাদেশি নাগরিক পুলিশ সদস্যদের সঙ্গে ট্রেনে ওঠেন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ট্রেনটি সফলভাবে ছেড়ে যায়। পুরো কার্যক্রম সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে সম্পন্ন হয়েছে।

গুরুগ্রাম জেলায় অবৈধভাবে বসবাসের অভিযোগে বিদেশি নাগরিকদের শনাক্ত ও পরিচয় যাচাইয়ের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত