১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের পরা ঐতিহাসিক জার্সিটি নিলামে রেকর্ড ৪৯ লাখ মার্কিন ডলারে (প্রায় ৪.৯ মিলিয়ন) বিক্রি হয়েছে। ওই ফাইনালে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন ফুটবল সম্রাট।
নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান সোথবিস (Sotheby’s) বৃহস্পতিবার জানিয়েছে, এটি এ যাবৎকালে বিক্রি হওয়া পেলের যেকোনো স্মারকের মধ্যে সবচেয়ে দামি। নিউইয়র্কে অনুষ্ঠিত এই নিলামে জার্সিটির জন্য ৫ জনেরও বেশি বিডার মোট ১০ বার দাম হাঁকেন।
১৯৫৮ সালের ফাইনালে স্বাগতিক সুইডেনের বিরুদ্ধে ব্রাজিলের ৫-২ ব্যবধানের জয়ের ম্যাচে মাত্র ১৭ বছর বয়সে জোড়া গোল করেছিলেন পেলে। তিনি এখনও বিশ্বকাপের ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড ধরে রেখেছেন। ওই ম্যাচটিই ব্রাজিলকে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিল।
সোথবিস জানায়, ১৯৫৮ সালের ফাইনালের ছবিগুলো ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি ব্যবহৃত ছবিগুলোর অন্যতম, আর সেই ঐতিহাসিক মুহূর্তেই জার্সিটি পেলের গায়ে জড়ানো ছিল। এর আগে ২০০৪ সালের এক নিলামে জার্সিটি ৭০,৫০৫ পাউন্ডে (১ লাখ ৫ হাজার ৬০০ ডলার) বিক্রি হয়েছিল।
পেলের জার্সিটি বিপুল মূল্যে বিক্রি হলেও এটি ক্রীড়া ইতিহাসের সবচেয়ে দামি স্মারক নয়। ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে বেসবল কিংবদন্তি বেব রুথের পরা একটি জার্সি ২০২৪ সালে রেকর্ড ২ কোটি ৪১ লাখ ডলারে বিক্রি হয়, যা এখন পর্যন্ত ক্রীড়া ইতিহাসের সবচেয়ে দামি স্মারক। এছাড়া অন্যান্য মূল্যবান স্মারকের মধ্যে রয়েছে বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের ১৯৯৮ সালের এনবিএ ফাইনালসের জার্সি (১০.১ মিলিয়ন ডলার) এবং ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনার পরা ঐতিহাসিক জার্সি (৯.২ মিলিয়ন ডলার)।
সমালোচকদের কড়া জবাব দিলেন মেসি
ইয়ামাল একাই বিশ্বকাপ জেতাতে পারে: ভিনিসিয়ুস