আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ

আবেগ ধরে রাখতে পারলেন না বেকহ্যাম, সান্ত্বনা দিলেন স্ত্রী

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম

বিশ্বকাপের ফাইনালের স্বপ্ন ভেঙে যাওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। গ্যালারিতে চোখে জল নিয়ে বসে থাকা বেকহ্যামকে সান্ত্বনা দিতে দেখা যায় স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামকে। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে হতাশ হয়ে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায় স্যার ডেভিড বেকহ্যামকে। এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ভিক্টোরিয়া তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

পুরো টুর্নামেন্টজুড়েই বেকহ্যাম পরিবার ছিল ইংল্যান্ড দলের অন্যতম বড় সমর্থক। ইংল্যান্ড গোল করলেই টেলিভিশনের ক্যামেরা বারবার তাদের দিকে ঘুরে যেত। সেমিফাইনালেও ইংল্যান্ডের একমাত্র গোলের পর উচ্ছ্বাসে লাফিয়ে উঠে স্বামীকে জড়িয়ে ধরেন ভিক্টোরিয়া।

এর আগে নরওয়ের বিপক্ষে জুড বেলিংহামের নাটকীয় গোলের সময় ভিক্টোরিয়ার শান্ত মুখভঙ্গি নিয়ে সামাজিক মাধ্যমে অসংখ্য মিম ছড়িয়ে পড়ে। পরে ডেভিড বেকহ্যাম মজার ছলে বলেন, "সে ভেতরে ভেতরে উদযাপন করছিল, শুধু আমার চেয়ে একটু ধীরে প্রতিক্রিয়া দেখিয়েছে।"

এই ম্যাচে বেকহ্যামের সঙ্গে গ্যালারিতে ছিলেন ভিক্টোরিয়া এবং তাদের তিন সন্তান। তবে বড় ছেলে ব্রুকলিন বেকহ্যাম উপস্থিত ছিলেন না।

ডেভিড বেকহ্যাম ১৯৯৮, ২০০২ ও ২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে তিনটি ফিফা বিশ্বকাপে খেলেছেন। শেষ দুটি আসরে তিনি ছিলেন দলের অধিনায়ক। ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে সমালোচনার মুখে পড়লেও, ২০০২ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে জয়ে তিনি সেই হতাশার অনেকটাই কাটিয়ে ওঠেন।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে বেকহ্যাম লেখেন, "এটি আমাদের সবার জন্য হৃদয়ভাঙার মুহূর্ত। কিন্তু এই বিশ্বকাপ আমাদের এমন অনেক স্মৃতি দিয়েছে, যা দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। দল, সমর্থক এবং পুরো দেশকে ধন্যবাদ।"

ফুটবল থেকে ২০১৩ সালে অবসর নেওয়ার পর বেকহ্যাম যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে বিনিয়োগ করেন। ২০২৩ সালে লিওনেল মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা আরও বেড়েছে।

Attr/YA
আরও পড়ুন