রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আজ (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ইসলামিক বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হবে আজ বিকেলে।
পূর্বসূচি অনুসারে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেলা শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে উদ্বোধনের সময় একদিন পিছিয়ে আজ শনিবার বিকেল নির্ধারণ করা হয়। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের সই করা এক বিজ্ঞপ্তিতে সময়সূচির এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মাসব্যাপী এ বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় ইসলামি জ্ঞান, সাহিত্য, গবেষণা ও ইতিহাসবিষয়ক বিভিন্ন ধরনের বই প্রদর্শন ও বিক্রি করা হবে।
মেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক গ্রন্থের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। ফলে বিভিন্ন বয়স ও পাঠকের জন্য প্রয়োজনীয় ইসলামী গ্রন্থ সংগ্রহের সুযোগ থাকছে এ আয়োজনে।
ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, এ বইমেলা ইসলামী জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বিস্তারের পাশাপাশি মানুষের মধ্যে নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা বিকাশে ভূমিকা রাখবে। একই সঙ্গে ইসলামী সাহিত্য ও গবেষণাধর্মী বইয়ের সঙ্গে পাঠকদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে।
ভারতে পুতিনের ‘ডুমসডে প্লেন’, ভেতরে কী আছে
'আল্লাহ শক্তিতে মহান, শাস্তি প্রদানে আরও শক্তিশালী'