শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি আসন্ন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। এর ফলে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।
তবে এই বর্ধিত ছুটি কি শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যই সীমাবদ্ধ থাকবে, নাকি বেসরকারি খাতের কর্মীরাও এই সুবিধা পাবেন; এমন প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, যেহেতু এটি একটি বড় সিদ্ধান্ত, তাই মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। মন্ত্রিসভায় পাস হওয়ার পরই প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রজ্ঞাপনটি বেসরকারি খাত যেমন- বেসরকারি ব্যাংক, কলকারখানা ইত্যাদির ক্ষেত্রেও প্রযোজ্য হবে কি-না জানতে চাইলে ওই কর্মকর্তা নিশ্চিত করেন যে, এটি একটি জাতীয় ছুটি। ফলে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি সমস্ত বেসরকারি অফিসের জন্যও এই ছুটি সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ, এ সময় দেশের সব সরকারি-বেসরকারি কার্যালয় বন্ধ থাকবে।
তবে বরাবরের মতোই জরুরি সেবাসমূহ এই ছুটির আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, সমুদ্র ও স্থলবন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এসব কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এর বাইরে থাকবেন। এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং জরুরি সেবাসংশ্লিষ্ট দপ্তরসমূহ যথারীতি চালু থাকবে।
ব্যাংকিং লেনদেন ও কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালত পরিচালনার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা জারি করবে। প্রজ্ঞাপন প্রকাশের সময় এসব বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার। আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২২ অক্টোবর ছুটির সিদ্ধান্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি হবে।
মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ১৩০ দফা পেছালো
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব