নিয়োগ পাওয়া তিন প্রতিবন্ধীর অনুপ্রেরণার গল্প

প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন ৩ প্রতিবন্ধী

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম

তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি তাদের কাছে নিয়োগপত্র হস্তান্তর করেন। 

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার হাসমত আলী।

প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তিনজনই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের জন্য দিনটি শুধু নতুন কর্মজীবনের সূচনাই নয়, বরং নতুন স্বপ্ন বাস্তবায়নেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে।

শারীরিক প্রতিবন্ধী আয়শা আক্তার ও নীলা খাতুন—দুজনই হাত ছাড়া জন্মগ্রহণ করেছেন। তারা পা দিয়ে লিখে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। নীলা খাতুনকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আয়শা আক্তারও পা দিয়ে লেখাপড়া সম্পন্ন করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। দুই হাত না থাকায় তিনি মুখ দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে দৃষ্টি প্রতিবন্ধী হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।

Maz/YA
আরও পড়ুন