জামালপুরে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম

জামালপুরের মেলান্দহে মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকার দানাভাঙা খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক।

জানা যায়, শুক্রবার সকালে স্থানীয়রা খালে মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পান। পরে তারা মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স আনুমানিক ৪০ বছর। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি ফুলে গেছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার রহস্য উদ্‌ঘাটনেও তদন্ত চলছে।

MCH
আরও পড়ুন