ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে লুডু খেলা নিয়ে বাইগদা বন্দেরবাড়ি এলাকার বাসিন্দা হামদু মিয়ার ছেলে নীরব (১১) কে থাপ্পড় দেয় প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিন (১২)। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে হামদু মিয়া লাঠি দিয়ে আঘাত করলে ইয়াছিনের মাথা ফেটে যায়। এর জের ধরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আবুল হোসেনের লোকজন হামদু মিয়ার বাড়িতে হামলা করে। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম. রকীব উর রাজা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

MCH/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত