জাতীয়করণকৃত টেকনিক্যাল শিক্ষক পরিষদের নবগঠিত কমিটির সদস্যবৃন্দরা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে।
রোববার (২ আগস্ট) সকালে জাতীয়করণকৃত মাধ্যমিক বিদ্যালয়ের মূল জনবল কাঠামোয় কারিগরি শাখার শিক্ষক-কর্মচারীদের পদ অন্তর্ভুক্তিসহ বিভিন্ন দাবি তুলে ধরে এ স্মারকলিপি দেওয়া হয়।
এদিন সকালে সংগঠনের সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এইচ. এম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন এবং রংপুর বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক কাজী সারওয়ার জাহান নেতৃত্বে প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্মারকলিপি জমা দেন।
এর আগে জাতীয়করণকৃত টেকনিক্যাল শিক্ষক পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আসাদুজ্জামান সাচ্চুকে সভাপতি, এইচ এম ইলিয়াসকে সাধারণ সম্পাদক এবং মো. মোশাররফ হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
স্মারকলিপিতে সংগঠনের নেতারা বলেন, জাতীয়করণকৃত মাধ্যমিক বিদ্যালয়ের মূল জনবল কাঠামোয় কারিগরি শাখার শিক্ষক-কর্মচারীদের পদ অন্তর্ভুক্ত না থাকায় তাদের চাকরি স্থায়ীকরণ,বেতন সুরক্ষা, পদোন্নতি, প্রশাসনিক দায়িত্ব ও পেশাগত মর্যাদার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হতে হচ্ছে। একই প্রতিষ্ঠানে কর্মরত সাধারণ ও কারিগরি শাখার শিক্ষক-কর্মচারীদের মধ্যে এ কারণে বৈষম্য তৈরি হয়েছে বলে তারা অভিযোগ করেন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রচলিত বিধি অনুযায়ী জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কিংবা সহকারী প্রধান শিক্ষক অবসর গ্রহণ করলে যোগ্যতা থাকা সত্ত্বেও কারিগরি শাখার শিক্ষকরা প্রশাসনিক দায়িত্ব পান না। বরং জ্যেষ্ঠতা না থাকলেও সাধারণ শাখার সহকারী শিক্ষকরা এসব দায়িত্ব পালন করেন। এতে কারিগরি শিক্ষকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে অনিশ্চয়তা ও বৈষম্য তৈরি হচ্ছে।
সংগঠনের নেতারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। অথচ জাতীয়করণকৃত বিদ্যালয়গুলোতে কারিগরি শাখার শিক্ষক-কর্মচারীরা এখনও মূল জনবল কাঠামোর বাইরে থাকায় তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হচ্ছে না। এই বৈষম্য দূর করে মূল জনবল কাঠামোয় কারিগরি শাখার পদ অন্তর্ভুক্ত করা হলে শিক্ষা ব্যবস্থায় দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্য বাস্তবায়ন আরও সহজ হবে।
স্মারকলিপিতে তারা জাতীয়করণকৃত কারিগরি শিক্ষক-কর্মচারীদের প্রশাসনিক ও চাকরিগত বৈষম্য দূর করে মূল জনবল কাঠামোয় অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান বাচ্চু বলেন, ‘জাতীয়করণকৃত প্রতিষ্ঠানে কর্মরত কারিগরি শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে থেকেও বৈষম্যের শিকার হচ্ছেন। আমরা সরকারের কাছে ন্যায্য দাবি জানিয়েছি। আশা করছি বিষয়টি মানবিক ও ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা হবে।’
সাধারণ সম্পাদক এইচ. এম. ইলিয়াস বলেন, ‘কারিগরি শিক্ষাকে আরও কার্যকর ও মানসম্মত করতে হলে এ খাতের শিক্ষক-কর্মচারীদের মর্যাদা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এজন্য দ্রুত মূল জনবল কাঠামোয় আমাদের পদ অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।’
ঢাকার চক্রাকার নৌপথে আবারও চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর আহমেদ
টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার