লিওনেল মেসির জোড়া গোল ও একটি অ্যাসিস্টে লিগস কাপে আতলেতিকো সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
বৃষ্টিভেজা বুধবার রাতে নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মায়ামি। ম্যাচের দ্বিতীয়ার্ধে বজ্রপাতের আশঙ্কায় প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ রাখতে হয়।
বিশ্বকাপের পর প্রথমবারের মতো এক ম্যাচে দুটি গোল করেন মেসি। একই সঙ্গে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করেন তিনি। ১২ ম্যাচে তার গোলসংখ্যা এখন ১৪, যা লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার চেয়ে একটি বেশি।
মেসি ম্যাচের ১১তম ও ৪৪তম মিনিটে গোল করেন। ইন্টার মায়ামির হয়ে আরও গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও ডিফেন্ডার মিকায়েল। দলের ডিফেন্ডার নোয়া অ্যালেন তিনটি অ্যাসিস্ট করে নজর কাড়েন। এই জয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ অপরাজিত থাকল ইন্টার মায়ামি।
বিশ্বকাপে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুললেও শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আলবিসেলেস্তেরা। সেই টুর্নামেন্ট শেষে এটি ছিল মেসির দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে বদলি হিসেবে নেমে ৩৭ মিনিট খেলেছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা।
কলম্বাসের বিপক্ষে গোল না পেলেও সান লুইসের বিপক্ষে শুরু থেকেই নিজের ছাপ রাখেন মেসি। ম্যাচের চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় আতলেতিকো সান লুইস। তবে ১১তম মিনিটে নোয়া অ্যালেনের দীর্ঘ পাস থেকে গোল করে সমতা ফেরান মেসি। প্রথমার্ধের শেষ দিকে তিনি নিজের দ্বিতীয় গোল করেন। যোগ করা সময়ে মিকায়েলের হেডে করা গোলেও অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন মহাতারকা।সান লুইসের হয়ে অপর গোলটি করেন রাফা লোরেন্তে।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসির নেতৃত্বেই প্রথমবারের মতো লিগস কাপের শিরোপা জেতে ক্লাবটি। গত বছরও ফাইনালে উঠেছিল মায়ামি, তবে সেখানে সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরে রানার্সআপ হয়।
মাগুরায় সাকিবের বাড়িতে বোমা হামলা ও ভাঙচুরের অভিযোগ
সেপ্টেম্বরে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল