ফেনীতে টানা পাঁচ দিন ধরে সিএনজি গ্যাস সংকট দেখা দিয়েছে। জেলার ১০টি সিএনজি ফিলিং স্টেশনের কোনোটি থেকেই স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।
সরেজমিনে জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, গ্যাস নিতে সহস্রাধিক সিএনজিচালিত অটোরিকশা দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। অনেক ফিলিং স্টেশন রাত থেকে শুরু করে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকছে। ফলে গ্যাস না পেয়ে চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় তাদের দৈনিক আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে। এতে পরিবার-পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক রসূল আহাম্মদ জানান, সারারাত পাম্পে অপেক্ষার পর সকালে অল্প সময়ের জন্য গ্যাস সরবরাহ শুরু হলেও পর্যাপ্ত প্রেশার না থাকায় আবারও তা বন্ধ করে দেওয়া হয়। এতে একদিকে আয় বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে গাড়ির কিস্তি ও সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষের প্রতিনিধিরা জানান, কম্প্রেশন মেশিনে গ্যাসের প্রেশার কম থাকায় স্বাভাবিকভাবে রিফুয়েলিং কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) সূত্রে জানা যায়, এটি জাতীয় পর্যায়ের গ্যাস সংকটের অংশ। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত সংকট নিরসনের চেষ্টা চলছে।
বিজিডিসিএলের ফেনী অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী আখতারুজ্জামান জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করা হবে।
সুন্দরগঞ্জে কাঁচা সড়কের বেহাল দশা, দুর্ভোগে বাসিন্দারা
ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো পাওয়ার টিলারচালকের
প্রেম করে বিয়ে, তিন মাস না হতেই জীবন দিলো মুন্নি