কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে শাকিলা খাতুন (২৩) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে চার হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন অধিনায়ক মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তারকৃত শাকিলা খাতুন গাজীপুর জেলার মো. সাইদুর ইসলামের মেয়ে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকে নুর কামালের শেডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই শেডে অভিযান চালানো হয়। স্থানীয় ব্লক মাঝি ও হেড মাঝির উপস্থিতিতে শাকিলাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ট্যাবলেট ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা আরও কয়েকটি ইয়াবার প্যাকেট গিলে ফেলার কথা স্বীকার করেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীর ভেতরে পলিথিনে মোড়ানো আরও কয়েকটি প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে।
হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়ার মাধ্যমে তার পেট থেকে আরও ৬২টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট তিন হাজার ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।
পুলিশ জানায়, শাকিলার কাছ থেকে উদ্ধার হওয়া ২০টি প্যাকেটে এক হাজার পিস এবং পেটের ভেতর থেকে উদ্ধার হওয়া ৬২টি প্যাকেটে তিন হাজার ১০০ পিসসহ মোট ৮২টি প্যাকেটে চার হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আসাদুজ্জামান বলেন, আটক নারী ও উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
জামালপুরে ভারতীয় মদ ও কসমেটিকস পণ্য জব্দ
খানা-খন্দে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক