স্বাক্ষর জালিয়াতির ঘটনায় এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:২৮ পিএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষর এবং সংসদ সচিবালয়ের সরকারি লেটারহেড ব্যবহার করে কথিত জাল ডিও (ডেমি-অফিশিয়াল) পত্র তৈরি করায় বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার পরিচালক মো. মনির হোসেন বাদী হয়ে শাওন মজুমদার সুমনকে প্রধান আসামি করে মামলাটি করেন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করা শাওন মজুমদার সুমনকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বদলি করা হয়। সেই বদলি ঠেকিয়ে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের সুপারিশ করতেই ডেপুটি স্পিকারের নামে কথিত একটি ডিও পত্র তৈরি ও ব্যবহারের চেষ্টা করা হয়।

গত ২৪ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ে বিষয়টি জানাজানি হলে চিঠিটির সত্যতা যাচাই করা হয়। যাচাইয়ে নিশ্চিত হওয়া যায়, কথিত ওই ডিও পত্রটি জাতীয় সংসদ সচিবালয় থেকে ইস্যু করা হয়নি। কথিত চিঠিতে ব্যবহৃত স্বাক্ষর, ভাষা, বিন্যাসসহ অন্যান্য বৈশিষ্ট্যের সঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ের প্রকৃত সরকারি নথির অসামঞ্জস্য রয়েছে।

সরকারি পদায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যে জাল নথি তৈরি করে তা ব্যবহারের চেষ্টা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে ডিজিটাল ফরেনসিক পরীক্ষার আবেদন করা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট মোবাইল ফোন, কম্পিউটার, ই-মেইল, প্রিন্টিংয়ের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ ও আর্থিক লেনদেন যাচাইয়ের আবেদন করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

MU
আরও পড়ুন