হিমাচলে বাস উল্টে নিহত ৮, আহত ১০

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম

ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচের আরেকটি সড়কে পড়ে উল্টে গেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবীকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, শর্মা বাস সার্ভিসের বাসটি বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বাসটি বৈরাগড় থেকে যাত্রা শুরু করে। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর এটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার সময় বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন। প্রথমে বাসটি সড়কের ওপর উল্টে যায়। পরে সেটি গড়িয়ে নিচের আরেকটি সড়কে গিয়ে পড়ে। এতে কয়েকজন যাত্রী বাসটির ভাঙা অংশের নিচে আটকা পড়েন।

দুর্ঘটনার শব্দ ও যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ, হোমগার্ড, ফায়ার সার্ভিস এবং রাজস্ব বিভাগের কর্মীরা উদ্ধারকাজে যোগ দেন।

উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আহত ১০ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদের চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

AM
আরও পড়ুন