রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ

চূড়ান্ত হলো ১১ দলীয় ঐক্যের প্রার্থী

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এর আগেই আলোচনা হয়েছিল, যাতে সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করা যায়। সংসদীয় প্রক্রিয়ায় রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন এবং ক্ষমতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও প্রস্তাব আনা হয়েছিল। আমাদের প্রত্যাশা ছিল জুলাই সনদের আলোকেই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

সংবাদ সম্মেলনে সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার সংস্কার প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন করছে না। জুলাই-পরবর্তী শপথ নেওয়া সংস্কার পরিষদকে কার্যকরভাবে অধিবেশন ডাকার সুযোগ দেওয়া হয়নি। উল্টো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, বিগত ১৬ বছর ধরে বিরোধী দলগুলোর মূল দাবিই ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা।

সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ মন্তব্য করেন, ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত রাষ্ট্রপতিকে সরাতে তারা সংসদের প্রথম দিনেই দাবি জানিয়েছিলেন। কিন্তু তাকে আরও ছয় মাসের মেয়াদ বাড়িয়ে পদে রাখা হয়েছে। এই মেয়াদ বাড়ানোর পেছনে কোনো রাজনৈতিক কৌশল বা পাঁয়তারা রয়েছে কি না এবং তাকে কোনো ‘আগাম অব্যাহতি’ (প্রি-এক্সিট) বা জবাবদিহির বাইরে রাখার ব্যবস্থা করা হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর যিনি নতুন রাষ্ট্রপতি হিসেবে থাকবেন, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় তার ভূমিকা কী হবে—সেটি এখন জাতির সামনে একটি বড় প্রশ্ন।

অতীতের ক্ষমতার দ্বন্দ্ব ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ১১ দলীয় ঐক্যের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। সংসদে ও সংসদের বাইরে সমন্বয় রেখে জোটের পক্ষ থেকে শীর্ষ নেতা কর্নেল (অব.) অলি আহমদকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

NM
আরও পড়ুন