ভারতের সাথে সরাসরি রেল যোগাযোগের ভাবনা রাশিয়ার

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:৫৩ এএম

সমুদ্রপথের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি ভারত মহাসাগরে পৌঁছাতে এক বিশাল ভূ-রাজনৈতিক পরিকল্পনার কথা ভাবছে রাশিয়া।

স্থলপথে বাণিজ্যিক যোগাযোগ জোরদার করতে রাশিয়া থেকে সরাসরি ভারতে পৌঁছানোর একটি নতুন রেল রুট চালুর প্রস্তাব বিবেচনা করছে মস্কো।

সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা 'তাস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী মারাত খাসনুলিন।

তিনি জানান, বসফরাস ও হরমুজ প্রণালির মতো কৌশলগত জলপথের ঝুঁকি কমাতে এমন বিকল্প স্থলপথ বা রেল সংযোগ অনুসন্ধান করা দরকার।

পরিকল্পিত এই রুটে ট্রেন চলবে রাশিয়া থেকে শুরু করে তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তান হয়ে সরাসরি ভারতে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, ভারতের মতো বিশাল বাজারের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করে এমন যেকোনো প্রস্তাবকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

তবে প্রকল্পটি এখনো একেবারেই প্রাথমিক পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

এই মুহূর্তে ট্রেন চালু, সময়সূচি, টিকিটের মূল্য কিংবা যাত্রী চলাচলের মতো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মূলত আন্তর্জাতিক জলপথগুলোর ওপর মাত্রাতিরিক্ত চাপ ও অনিশ্চয়তা কমানোই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২৫ শতাংশ এবং এলএনজির ২০ শতাংশ পরিবাহিত হয় স্পর্শকাতর হরমুজ প্রণালি দিয়ে।

যেকোনো ভূ-রাজনৈতিক সংকটে এসব জলপথে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই বিকল্প পথের এই উদ্যোগ।

প্রকল্পটি বাস্তবে রূপ নিলে সমুদ্রপথের বিকল্প হিসেবে ভারত মহাসাগরীয় অঞ্চলে পণ্যের সহজ প্রবাহ নিশ্চিত করতে পারবে রাশিয়া।

অন্যদিকে ভারত পাবে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও রাশিয়ার সঙ্গে সরাসরি বাণিজ্যিক সুবিধা ও নতুন ট্রানজিট পথ।

ভবিষ্যতে এটি বাস্তবায়ন হলে দুই দেশের মধ্যে পর্যটন ও মানবসম্পদ বিনিময়েও এক নতুন যুগের সূচনা হবে।

সংবাদ সূত্র: রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস (TASS)-এ প্রকাশিত উপ-প্রধানমন্ত্রী মারাত খাসনুলিনের সাক্ষাৎকার।

HN
আরও পড়ুন