এসএসসি ও সমমান পরীক্ষায় কমেছে পাসের হার

পাঁচ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন জিপিএ-৫

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০১:০০ পিএম

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গত ৫ বছরের তুলনায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০২২ সালের পর থেকে ধারাবাহিকভাবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমতে কমতে এবার তা ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে নেমে এসেছে।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালে জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। ২০২৩ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জনে। ২০২৪ সালে জিপিএ-৫ পায় ১ লাখ ৮২ হাজার ১২৯ জন এবং ২০২৫ সালে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। সর্বশেষ ২০২৬ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আরও কমে হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হারও কমেছে। সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

অন্যদিকে, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

AM/YA
আরও পড়ুন