এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, যেভাবে করা যাবে

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯:৩৪ এএম

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জের কার্যক্রম শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। প্রকাশিত ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য কোনো ধরনের ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন নেওয়া হবে না। আবেদন করতে হবে অনলাইনে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বাংলা ও ইংরেজির মতো দুই পত্রের বিষয়গুলোর ক্ষেত্রে দুটি পত্রের জন্যই আলাদাভাবে আবেদন করতে হবে। 

আবেদনের নির্ধারিত ফি অনলাইনে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। কোনো শিক্ষার্থী একবার আবেদন জমা দেওয়ার পর অতিরিক্ত কোনো বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে নতুন করে আবেদন করার সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে আবার মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে কোনো ভুল হলে সেটি সংশোধন করা যাবে। এজন্য ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে ভুল বা অনাকাঙ্ক্ষিত বিষয়টি বাদ দিতে হবে। এরপর প্রয়োজনীয় বিষয় নতুন করে নির্বাচন করা যাবে।

তবে একবার ফি পরিশোধ সম্পন্ন হলে নির্বাচিত বিষয় পরিবর্তন কিংবা আবেদন বাতিলের সুযোগ থাকবে না। এ ক্ষেত্রে পরিশোধ করা ফিও ফেরত দেওয়া হবে না।

যেভাবে খাতা চ্যালেঞ্জের আবেদন করবেন

ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

এরপর নির্দেশনা অনুযায়ী পুনর্নিরীক্ষণের জন্য কাঙ্ক্ষিত বিষয় ও পত্র নির্বাচন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে নির্বাচিত বিষয় ও পত্রের তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। কারণ ফি পরিশোধের পর নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে না।

Maz
আরও পড়ুন