গাজীপুরে সড়কের বেহাল দশায় দুর্ভোগে বাসিন্দারা

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০১:৪৪ পিএম

গাজীপুরের রাজেন্দ্রপুর-ভাওয়াল মির্জাপুর সড়কটি খানা-খন্দ ও পিচ উঠে বেহাল দশায় পড়ে আছে। এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সড়কের দুই পাশে রয়েছে ১৫টি শিল্পকারখানা। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও চালকরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় গর্ত তৈরি হলেও স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বৃষ্টির সময় পানি জমে গর্তগুলো আরও ভয়ংকর হয়ে ওঠে। গর্ত এড়াতে গিয়ে একদিকে যেমন যানবাহন উল্টে যাওয়ার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে ধীরগতিতে চলাচলের কারণে সময় ও পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে।

অটোরিকশা চালান আরিফ হোসেন বলেন, মির্জাপুর বাজার মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক দিয়ে চলাচল করা কঠিন। কয়েকবার যাত্রীসহ আমার অটোরিকশা উল্টে গেছে। প্রতিদিন শতাধিক অটোরিকশা এই পথে চলে। কিন্তু বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।

তালহা ফেব্রিকসের শ্রমিকরা জানান, পরিষ্কার পোশাক পরে বাসা থেকে বের হলেও কারখানায় পৌঁছানোর আগেই কাদা-পানিতে পোশাক নষ্ট হয়ে যায়। অনেক সময় কারখানায় গিয়ে পোশাক পরিবর্তন করতে হয়।

মির্জাপুর বাজারের ব্যবসায়ী সোহরাওয়ার্দী বলেন, সড়কের খারাপ অবস্থার কারণে পণ্য আনা-নেওয়ায় সময় খরচ বাড়ছে। গর্তে গাড়ি আটকে গেলে বাড়তি ক্ষতির মুখে পড়তে হয়।

ট্রাকচালক মোজাম্মেল হোসেন বলেন, কারখানার মালামাল নিয়ে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। তিন কিলোমিটার পথ পার হতে সবচেয়ে বেশি দুর্ভোগ হয়। গর্তে পড়ে গাড়িরও ক্ষতি হচ্ছে।

সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. আবদুল্লাহ-আল-রাশেদীর বলেন, রাজেন্দ্রপুর-ভাওয়াল মির্জাপুর সড়কটি গাজীপুর সিটি করপোরেশনের অধীন।

গাজীপুর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

MU/YA
আরও পড়ুন