হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ।
শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। উলিয়ানভের বক্তব্য উদ্ধৃত করে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
উলিয়ানভ বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা চায়। কিন্তু ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের কারণেই এই স্বাধীনতা নষ্ট হয়েছে।
তার ভাষ্য, এখন যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে নিজেদের কৌশলগত ভুলের পরিণতি সরিয়ে ফেলতে চাইছে। তবে এই যুক্তির মধ্যে অসঙ্গতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
হরমুজ প্রণালির নৌ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান দীর্ঘদিন ধরেই মুখোমুখি। যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা জরুরি। অন্যদিকে ইরান সাম্প্রতিক সময়ে প্রণালিটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা তদারকির দাবি জোরালো করেছে।
এদিকে চলমান সংকটে প্রণালিটির নিরাপত্তা নিয়ে জাতিসংঘও উদ্বেগ জানিয়েছে। এপ্রিল মাসে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র সব পক্ষকে আন্তর্জাতিক নৌ চলাচলের অধিকার পুরোপুরি পুনর্বহালের আহ্বান জানিয়েছিলেন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী অস্থিরতা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সূত্র: ডন
'বিদেশি প্রভাবে অস্থিতিশীলতাকারী দেশগুলোকে কঠোর জবাব দেবে ইরান'
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০ শতাংশেই রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস: জেলেনস্কি
উত্তর সমুদ্রপথ ঘিরে ঘনিষ্ঠ হচ্ছে চীন-রাশিয়া