সোনাইমুড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৯:০০ এএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. জীবন হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন উপজেলার বজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের জাহের মিয়ার বাড়ির মো. হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নাম্বারবিহীন ইয়ামাহা ফেজার মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় নোয়াখালীগামী একটি ট্রাক মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী জীবন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখায়তে হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

MU
আরও পড়ুন