উখিয়ায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৯:০৪ এএম

কক্সবাজারের উখিয়ার সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পালংখালী সীমান্তের ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় ক্যারেঙ্গাঘোনা পোল্ট্রি ফার্মের কাছে অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে জেলে সেজে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় বিজিবি সদস্যরা। এ সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন ব্যক্তিরা হাতে থাকা একটি প্লাস্টিকের ড্রাম ফেলে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ড্রামটিতে তল্লাশি চালিয়ে একটি পলিথিনের ব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী ১৪টি কাট পাওয়া যায়। এসব কাটের ভেতর থেকে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় দীর্ঘ সময় তল্লাশি এবং পলাতক চোরাকারবারিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

MU
আরও পড়ুন