কিংবদন্তি রবার্তো কার্লোস কি সত্যিই ইসলাম গ্রহণ করেছেন?

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০১:২৯ এএম

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোসকে ঘিরে হঠাৎ তৈরি হয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন উঠেছে, তিনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

মূলত তুরস্কের একে পার্টির এমপি আলি শাহিনের একটি বার্তা থেকে এই জল্পনার সূত্রপাত। ব্রাজিল সফরে গিয়ে তিনি দাবি করেন, সেখানকার এক ইসলামি ব্যক্তিত্বের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছেন।

শাহিনের মতে, সাও পাওলোতে শেখ জিহাদ হাম্মাদেহের কাছে কালিমা পাঠ করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। তবে আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যম বিষয়টিকে কেবলই একটি গুঞ্জন হিসেবে বর্ণনা করেছে।

প্রতিবেদন অনুযায়ী, কার্লোস নিজে এখন পর্যন্ত ধর্মান্তরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এদিকে মরক্কো বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির সাথে তার পুরোনো বিয়ের ছবি ছড়িয়ে পড়ায় বিতর্ক নতুন মোড় নিয়েছে।

কার্লোসের সঙ্গে মুসলিম বিশ্বের দীর্ঘদিনের আত্মিক ও পেশাদারি যোগাযোগ রয়েছে। ২০০৭ সালে তুর্কি ক্লাব ফেনারবাচে এবং ২০১১ সালে দাগেস্তানের আনজি মাখাচকালায় খেলে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

পরবর্তীতে কোচ হিসেবেও কাজ করেছেন তুরস্কের একাধিক জনপ্রিয় ফুটবল ক্লাবে। তবে বর্তমান এই ধর্মান্তরের খবর নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতুহল তুঙ্গে থাকলেও চূড়ান্ত সত্য প্রকাশ পাওয়া বাকি।

HN
আরও পড়ুন