উত্তর-পশ্চিম সিরিয়ায় বাড়িতে বিস্ফোরণ, নিহত ৩

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি বাড়িতে বিস্ফোরণে তিন বেসামরিক নাগরিক নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২১আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ান সিভিল ডিফেন্স।

সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, পশ্চিম ইদলিবের গ্রামীণ এলাকায় জিসর আল-শুগুরের কাছে আইন আল-কাসাব গ্রামে বিস্ফোরণটি ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজন পুরুষ, তার স্ত্রী এবং তার ভাই রয়েছেন। আহত ছয়জনের মধ্যে ওই দম্পতির চার সন্তানও রয়েছে।

সিভিল ডিফেন্স জানিয়েছে, এটি প্রাথমিকভাবে পাওয়া হতাহতের হিসাব। পরে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মাছ ধরার কাজে ব্যবহারের জন্য বিস্ফোরকজাতীয় কিছু উপাদান ওই বাড়িতে মজুত করে রাখা হয়েছিল। সেগুলো থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের পর সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ রাখতে এবং আরও কোনো ঝুঁকি রয়েছে কি না তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা সেখানে অবস্থান করেন।

Maz
আরও পড়ুন