সৌদি আরবের শুখাইক বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে ইয়েমেনের পাল্টা হামলা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম

ইয়েমেনের বেসামরিক অবকাঠামোয় সৌদি আরবের আগের হামলার জবাবে দেশটির শুখাইক বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

শুক্রবার সন্ধ্যায় লোহিত সাগরের পূর্ব উপকূলে সৌদি আরবের একটি বিদ্যুৎকেন্দ্র ও একটি বন্দরে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

আল-মাসিরা টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, হামলার লক্ষ্যবস্তু ছিল শুখাইক বিদ্যুৎকেন্দ্র এবং জিজান বন্দর। এসব অভিযানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

সারি বলেন, ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা শহরের বিদ্যুৎকেন্দ্র এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী মোখায় সৌদি বিমান হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে। এর আগে পশ্চিম ইয়েমেনের হুদায়দা বন্দরের একটি জেটিতেও হামলা চালিয়েছিল সৌদি আরব।

ইয়েমেনের বেসামরিক স্থাপনায় সৌদি আরবের আরও কোনো হামলা হলে শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সারি। তিনি বলেন, সৌদি আরবের অভ্যন্তরে বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী দ্বিধা করবে না।

এদিকে, পৃথক এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র দাবি করেন, দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিট একটি সৌদি এফ-১৫এসএ যুদ্ধবিমান প্রতিহত করেছে এবং সেটিকে ইয়েমেনের আকাশসীমা ছাড়তে বাধ্য করেছে।

সারি জানান, ইয়েমেনের সেনারা যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে। ভূপৃষ্ঠ থেকে হামলার আশঙ্কায় পাইলট বিমানটি নিয়ে ইয়েমেনের আকাশসীমা ছেড়ে যায় বলে দাবি করেন তিনি।

কীভাবে শুরু সাম্প্রতিক উত্তেজনা?

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালানোর পর সাম্প্রতিক উত্তেজনা বাড়তে শুরু করে। এর জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী তেলবাহী জাহাজে হামলা চালায়। পাশাপাশি ‘অবরোধের জবাবে অবরোধ’ কৌশল গ্রহণ করে।

২০১৫ সালের মার্চে সৌদি আরব ইয়েমেনে ব্যাপক বিমান হামলা শুরু করে। রিয়াদের সঙ্গে সমন্বিত সরকারকে সানায় পুনর্বহাল করার লক্ষ্য নিয়ে এ অভিযান চালানো হয়েছিল। একই সময়ে দেশটির ওপর অবরোধও আরোপ করা হয়। এর ফলে ইয়েমেনে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়।

প্রতিবেদনটির ভাষ্য অনুযায়ী, কয়েক লাখ মানুষের প্রাণহানি সত্ত্বেও সৌদি আরব ঘোষিত লক্ষ্য অর্জনে সফল হয়নি।

সূত্র: প্রেস টিভি

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত