সাংবাদিক কন্যা সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম

রাজধানীতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এবং আর্থিক অসচ্ছল সাংবাদিক কন্যাদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’। 

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর বনশ্রীতে মিডিয়া ফ্রন্টলাইনের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা বৃত্তির নগদ অর্থ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান ‘মিডিয়া ফ্রন্টলাইন’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ফ্রন্টলাইনের চেয়ারম্যান ও দৈনিক খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম। অনুষ্ঠানে নারীর শিক্ষার অপরিহার্যতা নিয়ে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষায় নারীকে এগিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘একজন মা একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে পারেন। তাই সুশিক্ষিত জাতি গঠনের মাধ্যমে সুন্দর আগামী বিনির্মাণে নারীর শিক্ষালাভের গুরুত্ব অপরিসীম।’

তিনি আরও বলেন, ‘নারীরা সুশিক্ষিত হলে সেই প্রভাব শুধু একটি পরিবারের ওপর নয়, বরং পুরো সমাজ ও রাষ্ট্রের ওপর পড়ে। সুতরাং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কন্যা সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের ঝরে পড়া রোধ করা আমাদের সামষ্টিক দায়িত্ব। মূলত সামস-সন্ধ্যা ট্রাস্টের এই উদ্যোগটি সমাজের সেসব পিছিয়ে পড়া বা অসুস্থ সাংবাদিক কন্যাদের মূলধারায় ফিরিয়ে আনার প্রয়াস।’

মিডিয়া ফ্রন্টলাইনের চিফ কো-অর্ডিনেটর ও মানবাধিকারকর্মী জাকির মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিডিয়া ফ্রন্ট লাইনের এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাজহারুল হক পাঠান, খবর সংযোগ অনলাইন ও মাল্টিমিডিয়ার প্রধান আবু কাউছার খোকন, মিডিয়া ফ্রন্ট লাইনের ডিভিশনাল কো-অর্ডিনেটর শামশুল আবরার প্রমুখ।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি থেকে সাংবাদিক কন্যাদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত চিকিৎসাধীন ও আর্থিক অসচ্ছল সাংবাদিক কন্যাদের এই বৃত্তি দেওয়া হয়। এই শিক্ষাবৃত্তি প্রদানে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করছে মিডিয়া ফ্রন্টলাইন ফাউন্ডেশন। বিশিষ্ট ব্যাংকার ও ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’-এর চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলামের উদ্যোগে দু’জন মহীয়সী নারীর স্মরণে সামস-সন্ধ্যা ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল।

SN
আরও পড়ুন