রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সংবাদকর্মী নিহত হয়েছেন। ভোর রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৈনিক প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর রাতে তারা মোটরসাইকেলযোগে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের সজোরে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ঘাতক বাসটি শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
দুই তরুন গণমাধ্যমকর্মীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে সংবাদ অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান