হামলা হলে এবার জবাব হবে আরও ব্যাপক: ইরান

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০২:১৫ পিএম

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সামরিক নীতিতে কৌশলগত বড় পরিবর্তন এনেছে ইরান।

দেশটির সেনাবাহিনী এখন 'রক্ষণাত্মক' অবস্থান থেকে বেরিয়ে 'আক্রমণাত্মক' নীতির দিকে ঝুঁকছে বলে সতর্ক করেছেন ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আকরামিনিয়া জানান, অতীতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত আক্রমণ ঠেকানোর ওপর ভিত্তি করে গড়ে উঠলেও পরিস্থিতি বদলে গেছে। তবে এই পরিবর্তনের অর্থ প্রতিপক্ষের বিরুদ্ধে আগে থেকে কোনো আক্রমণ চালানো নয়। কিন্তু ইরান যদি নতুন করে কোনো হামলার শিকার হয়, তবে এবার আগের চেয়েও বড় পরিসরে এবং আরও বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে।

যুদ্ধের ধাক্কা সামলে সামরিক প্রস্তুতি জোরদারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, পূর্বের লড়াইয়ে ক্ষতিগ্রস্ত সব প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম মেরামত করা হয়েছে এবং সেনাবাহিনীতে নতুন ও আধুনিক যুদ্ধব্যবস্থা যুক্ত করা হয়েছে। শত্রুপক্ষ যাতে পুনরায় কোনো ভুল হিসাব না করে, সে জন্য প্রস্তুতি নিরবচ্ছিন্নভাবে চলছে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও জোরালো জবাব দেওয়ার স্বার্থেই সম্প্রতি শীর্ষ সামরিক কাঠামোতে পুনর্গঠন আনা হয়েছে।

তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতিকে তারা মোটেও শিথিলভাবে দেখছেন না, কারণ শত্রুকে তারা এক বিন্দুও বিশ্বাস করেন না। এছাড়া আঞ্চলিক ভূরাজনীতিতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন