রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক আলোচিত অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব নেওয়ার পর সংঘটিত অপরাধগুলোর ক্ষেত্রে পুলিশ যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার সঙ্গে জড়িতদের ঘটনার পরপরই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এটিকে সরকারের অন্যতম কৃতিত্ব হিসেবেও উল্লেখ করেন তিনি।
রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের পর যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছিল, রংপুরের ওই ঘটনায় রাতভর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, রামিসা হত্যা থেকে শুরু করে সাম্প্রতিক অনেক অপরাধের বিচারও দ্রুত সম্পন্ন হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়।
পুলিশ বাহিনীকে আরও শৃঙ্খলিত ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পুলিশকে এমন একটি বাহিনীতে রূপান্তর করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার কথাও জানান তিনি।
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী লাভ, কী ক্ষতি?
চাঁদপুরে পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য নিখোঁজ