মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় পাকিস্তানকে কমনওয়েলথ মহাসচিবের ধন্যবাদ

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১০:৩৬ পিএম

মধ্যপ্রাচ্যে একটি ধ্বংসাত্মক যুদ্ধের আশঙ্কা এড়াতে ভূমিকা রাখায় পাকিস্তানের প্রশংসা করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের মধ্যস্থতার জন্য দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

লন্ডনে দারের সঙ্গে এক বৈঠকে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা করেন বচওয়ে। এ সময় পাকিস্তানের উদ্যোগ ও মধ্যস্থতার প্রশংসা করেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, কমনওয়েলথ মহাসচিব বিশেষ করে দারের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় তাঁর ভূমিকার জন্য অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগ একটি ধ্বংসাত্মক যুদ্ধ এড়াতে সহায়তা করেছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় অবদান রেখেছে।

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও সংঘাতের মধ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ এবং আলোচনার পথ তৈরিতে সক্রিয় ভূমিকা রাখছে। ইসলামাবাদের এই কূটনৈতিক তৎপরতাকে আঞ্চলিক সংঘাত নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বচওয়ের প্রশংসা এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের চলমান সংকটের রাজনৈতিক সমাধান এবং যুদ্ধের বিস্তার ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হচ্ছে। বৈঠকে দার পাকিস্তানের সাম্প্রতিক উদ্যোগ ও শান্তি প্রক্রিয়ায় দেশটির অবস্থান তুলে ধরেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইসলামাবাদ তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। সূত্র: ডন

AS
আরও পড়ুন