চাদে বিমান হামলায় নিহত ১২

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৮:৫২ এএম

সুদান সীমান্তের কাছে চাদে ভয়াবহ বিমান হামলায় অন্তত ১২ জন নিহত ও আরও ৭ জন আহত হয়েছেন। এই হামলাই সরাসরি সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে চাদ সরকার।

চাদের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, বৃহস্পতিবারের ওই হামলাটি একটি জ্বালানি বাজারকে লক্ষ্য করে চালানো হয়েছিল। সীমান্ত এলাকায় সক্রিয় সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সেখান থেকে নিয়মিত জ্বালানি সংগ্রহ করত।

সুদানে সেনা ও আরএসএফের মধ্যকার রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চাদ সীমান্তে এই নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। এর আগে গত সপ্তাহেও চাদ অভিযোগ করে যে, তাদের এনেনি অঞ্চলের প্রায় ১০০ কিলোমিটার ভেতরে এক সেনাবহরে বিমান হামলা চালিয়েছিল সুদান।

ড্রোন হামলার হুমকি বাড়তে থাকায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে চাদ। রয়টার্সকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সুদানি সীমান্তের কাছে তিনে অঞ্চলে চাদ প্রায় ১০০টি সাঁজোয়া যান ও সিগন্যাল-জ্যামিং ট্রাক মোতায়েন করেছে।

এদিকে খার্তুমে অবস্থিত মার্কিন দূতাবাসও চাদ ভূখণ্ডে সুদান সেনাবাহিনীর এই বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

তবে সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে ‘চমকপ্রদ’ ও ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের বক্তব্য, নিরপেক্ষ তদন্তের আগেই সুদানকে দোষ দেওয়া হচ্ছে। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করলেও প্রতিবেশীদের ভূখণ্ডে সুদান কখনও হামলা চালায় না বলে তারা দাবি করে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন