ব্রাহ্মণবাড়িয়ায় সাবস্টেশনে আগুন, বন্ধ বিদ্যুৎ সরবরাহ

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সাবস্টেশনটির একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে হঠাৎ করে সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, আগুনে ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামতকাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কী কারণে সাবস্টেশনের ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এএম
আরও পড়ুন