চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কিশোরসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা বলে বাঁশখালী থেকে তাঁদের দুটি মাইক্রোবাসে করে আনোয়ারায় আনা হয়েছিল।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাঁদের আটক করে। এ সময় একটি ব্যানার ও দুটি মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন থেকে কিশোর ও তরুণদের কক্সবাজারে ভ্রমণের কথা বলে দুটি মাইক্রোবাসে তোলা হয়। বরুমচড়া এলাকায় পৌঁছানোর পর তাঁদের গাড়ি থেকে নামিয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করে।
পুলিশের দাবি, জেলা যুবলীগ নেতা শহীদুল ইসলাম ওরফে শহীদ (৩৫), ছাত্রলীগ নেতা কে এম পারভেজ উদ্দীন এবং ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন ওরফে সাজ্জাদের (৩৫) নেতৃত্বে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, কক্সবাজারে ঘুরতে যাওয়ার কথা বলেই তাঁদের আনোয়ারায় আনা হয়। সেখানে পৌঁছানোর পর তাঁদের দিয়ে কৌশলে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। পুলিশের ভাষ্য, আটক সবাই বিষয়টি আগে থেকে জানতেন না; তবে কয়েকজন বিষয়টি জানতেন। আটক ব্যক্তিদের বড় একটি অংশ কিশোর।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেছে।
পুলিশ জানায়, আটক ৩০ জনের মধ্যে সাতজন অপ্রাপ্তবয়স্ক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে। বাকি ২৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি জুনায়েত চৌধুরী বলেন, বরুমচড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।
আনোয়ারা-বাঁশখালী সড়কে এর আগেও ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার ওই সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়। পরে মিছিলের ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় ৭৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৩৮ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা হয়।
এর আগে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কলেজ সড়কে ছাত্রলীগের আরেকটি ঝটিকা মিছিল হয়। এ ঘটনায় পরদিন নাশকতার অভিযোগে ৪৫ জনের নাম উল্লেখ করে আনোয়ারা থানায় মামলা করা হয়।
মার্কিন রাষ্ট্রদূতের তিস্তা ব্যারাজ পরিদর্শন
মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০
ছেলেকে হারানোর বছর না ঘুরতেই ডেঙ্গুতে প্রাণ গেলো মায়ের