কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি দোকান ও বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
রোববার ( ৩০ আগস্ট ) দুপুর ১টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় চার ঘণ্টা পর বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্র জানায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে কালিকাপ্রসাদ ইউনিয়নে থাকা একটি বাজারের নাম নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছে। কয়েক বছর আগে স্থানীয় সালিশের মাধ্যমে বাজারটির নাম ‘আকবরনগর-মিরারচর’ রাখা হয়।
সম্প্রতি আকবরনগর গ্রামের বাসিন্দারা বাজারটির নাম শুধু নিজেদের গ্রামের নামে করার দাবি জানান। অন্যদিকে মিরারচর গ্রামের বাসিন্দারা ‘মিরারচর-আকবরনগর’ নাম দেওয়ার দাবি তোলেন। এ নিয়ে কয়েকদিন ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলছিল।
এর আগে গত ২৭ জুলাই একই বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দিনভর সংঘর্ষ হয়। ওই ঘটনায় মিরারচর গ্রামের মাসুদ মিয়া (৩৫) ও হিরণ মিয়া (৩০) নিহত হন।
ওই ঘটনার পরদিন মিরারচর গ্রামের বাসিন্দারা আকবরনগর গ্রামের শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভৈরব থানায় দুটি হত্যা মামলা হয়। মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়রা জানান, আগের সংঘর্ষের পর দুই গ্রামের মধ্যে উত্তেজনা থাকলেও কিছুদিন পরিস্থিতি শান্ত ছিল। রোববার দুপুরে ফের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এ সময় কয়েকটি দোকান ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন বলেন, বাজারের নাম নিয়ে এর আগের সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে। রোববার আবারও দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
ছেলেকে হারানোর বছর না ঘুরতেই ডেঙ্গুতে প্রাণ গেলো মায়ের
টঙ্গীতে থানা ফটকে ‘জয়বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৫
আইফোন কিনতে নিজের শিশু সন্তান বিক্রির অভিযোগ