নেপালে এক বাড়ি থেকে ২৪ মরদেহ উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের পর বিদুর শহরের একটি বাড়ি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের ধারণা, বাড়িটির ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে।

সোমবার (৩১ আগস্ট) বাড়িটিতে উদ্ধার অভিযান চালিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়। বিদুরের পুলিশ সুপার বিপিন রেগমি জানিয়েছেন, মঙ্গলবার ওই বাড়িতে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় পৌরসভার কর্মকর্তা মঙ্গল তমঙ্গ জানান, উদ্ধার হওয়া ২৪ জনের মধ্যে একজন শিশু এবং বাকি ২৩ জন প্রাপ্তবয়স্ক।

উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে ছয়টি হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। অন্য মরদেহগুলো আপাতত বিদুর শহরেই রাখা হয়েছে। পরে সেগুলোও কাঠমান্ডুতে নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একটি বাড়ি থেকেই বিপুলসংখ্যক মরদেহ উদ্ধারের পর আশপাশের অন্যান্য বাড়ির ধ্বংসস্তূপেও মরদেহ থাকার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে ওই এলাকায় উদ্ধার অভিযান আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বুধবার নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। এতে দেশটিতে নিহতের সংখ্যা ৯৫০ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। দুর্গম ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় এখনো পুরোপুরি উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: সিএনএন

এমইউ
আরও পড়ুন