ব্যাংককের একটি বারে খাওয়া-দাওয়ার পর বিল পরিশোধ করতে না পারায় ১৮ বছর বয়সী এক তরুণীর চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, বারে খাওয়া-দাওয়া শেষে প্রায় ৬০ হাজার থাই বাথ (প্রায় ১,৮০০ মার্কিন ডলার) বিল হয় যা পরিশোধ না করেই চলে যাওয়ার চেষ্টা করে।
ঘটনাটি ঘটেছে গত ২৫ আগস্ট শহরের পিংকলাও এলাকায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
জানা গেছে, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ওই তরুণী বারে প্রবেশ করেন। খাওয়া-দাওয়া শেষে বিল পরিশোধ না করেই চলে যাওয়ার চেষ্টা করলে বারের কর্মীরা তাকে আটকে দেন।
তবে পুলিশকে খবর না দিয়ে বারের কর্মীরাই বিষয়টি নিজেদের হাতে তুলে নেন বলে অভিযোগ রয়েছে। পরে বকেয়া বিলের একটি অংশ পরিশোধের বিনিময়ে তরুণীকে তার চুল বিক্রির একটি অনানুষ্ঠানিক চুক্তিতে রাজি করানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরা তরুণী চুল কাটার ওই চুক্তিতে সম্মতি দিচ্ছেন। এরপর বারের এক কর্মী বৈদ্যুতিক রেজার দিয়ে তার কাঁধ পর্যন্ত লম্বা চুল গোড়া থেকে কেটে ফেলছেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই পুলিশের কাছে না গিয়ে বারের কর্মীদের নিজেরাই শাস্তির ব্যবস্থা করাকে ‘আক্রমণাত্মক ও উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন।
ঘটনাটি থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা মন্ত্রণালয়ের নজরেও এসেছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার বালাদুর আর নেই
গিনিতে গণকবরে মিললো চোখ-হাত বাঁধা ৬ যুবকের মরদেহ