৯০ বছরেও তরুণদের টেক্কা দিলেন জাপানিজ বডিবিল্ডার

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

বয়স ৯০, অথচ শরীরে শক্তি ও গঠনে এখনো তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে চলছেন জাপানের বডি বিল্ডার তোশিসুকে কানাজাওয়া। দীর্ঘদিনের শরীরচর্চা ও নিয়ন্ত্রিত খাদ্যাভাসের কারণে তার এমন ফিটনেস অবাক করছে বিশ্বকে। 

সম্প্রতি জাপান মাস্টার্স বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ৮৫ বছরের বেশি বয়সিদের বিভাগে শিরোপা জিতেছেন কানাজাওয়া। এ নিয়ে জাতীয় পর্যায়ে তার শিরোপা সংখ্যা দাড়িয়েছে ১৯ টিতে।   

গত অক্টোবর স্পেনের সান্তা সুসানায় অনুষ্ঠিত আইএফবিবি ওয়ার্ল্ড ফিটনেস অ্যান্ড বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপেও অংশ নেন তিনি। সেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কয়েক দশক কম বয়সি শরীরচর্চাবিদেরা। শেষ পর্যন্ত পদক জিততে না পারলেও তার অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। 

কানজাওয়ার মতে, সুস্বাস্থ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখে জাপানের ঐতিহ্যবাহী খাবার। প্রায় ৫০ বছর বয়স থেকে তিনি এই খাদ্যাভাস অনুসরণ শুরু করেন। তার প্রতিদিনের খাবারের তালিকায় রয়েছে বাদামি চাল, নাট্টো, মিসো স্যুপ ও কাঁচা ডিম। 

আগে দিনে ৬ বার প্রোটিন শেক পান করলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা কমিয়ে ৩ বার করেছেন। পাশাপাশি মাছ মাংস খাওয়া কমিয়ে দিয়েছেন তিনি। এমনকি জীবনে কখনো ধূমপানও করেননি তিনি। 

৯০ বছর বয়সেও নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন কানাজাওয়া। তবে এখন আগের তুলনায ব্যায়ামের ধরন বদলেছেন। শরীরের সক্ষমতা অনুযায়ী ওজন ও ব্যায়ামের গতি নিয়ন্ত্রণ করা যায় বলে বর্তমানে জিমের বিভিন্ন মেশিন ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। 

বিশেষজ্ঞরা বলেছেন, বয়স্ক ব্যক্তিদের শরীরচর্চার ক্ষেত্রে বয়সের পাশাপাশি শারীরিক স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সিদের সপ্তাহে অন্তত দুইদিন পেশি শক্তিশালী করার ব্যায়াম করা উচিত।  

সূত্র: সামা টিভি

এএইচএ
আরও পড়ুন