জাপানের ইয়াকুশিমায় ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা জারি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম

জাপানের কাগোশিমা অঞ্চলের ইয়াকুশিমা শহরে সর্বোচ্চ পর্যায়ের ভূমিধস সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

অনবরত বর্ষণে পাহাড় ধসের তীব্র ঝুঁকি তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

জাপানের জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা এক জরুরি বার্তায় জানিয়েছে, ভূমিধস প্রবণ এলাকাগুলোতে ইতোমধ্যে কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

ভারী বৃষ্টির কারণে লোকজনের জীবন চরম ও আসন্ন বিপদের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

প্রশাসন বাসিন্দাদের নির্দেশ দিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দূরবর্তী আশ্রয়কেন্দ্রে যাওয়া বিপজ্জনক মনে হলে যেন তারা পাহাড়, টিলা কিংবা পাহাড়ি নদী-ছড়ার থেকে দূরে অবস্থিত নিরাপদ ও মজবুত ভবনে অবস্থান নেন।

আবহাওয়া সংস্থা জোর দিয়ে বলেছে, বিশেষ সতর্ক সংকেত জারির জন্য অপেক্ষা করলে নিরাপদে সরে যাওয়ার সময় আর নাও পাওয়া যেতে পারে। তাই জীবন রক্ষার্থে আর কোনো দেরি না করে অনতিবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনাবলী মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আনাদোলু

ওয়াইএ
আরও পড়ুন