ইসরায়েলের মদদপুষ্ট সন্ত্রাসী চক্রের দুই সদস্য নিহত: আইআরজিসি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদপুষ্ট একটি সন্ত্রাসী চক্র ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। যৌথ অভিযানে ওই চক্রের দুই সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (৫ সেপ্তেম্বর) আইআরজিসির স্থলবাহিনীর কুদস ঘাঁটি এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা নজরদারির মাধ্যমে সন্ত্রাসী দলটির অবস্থান শনাক্ত করা হয়। পরে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, আইআরজিসির গোয়েন্দা সংস্থা এবং প্রাদেশিক আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হয়।

বিবৃতিতে বলা হয়, অভিযানে সন্ত্রাসী দলটির বিরুদ্ধে আঘাত হানা হয়েছে এবং তাদের দুই সদস্য নিহত হয়েছে।

আইআরজিসির দাবি, দলটি সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের নির্ধারিত কয়েকটি লক্ষ্যবস্তুতে সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের পরিকল্পনার বিষয়টি শনাক্ত হওয়ার পর অভিযান চালানো হয়।

কুদস ঘাঁটির ভাষ্য অনুযায়ী, চক্রটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত ছিল। চলমান মার্কিন যুদ্ধের সঙ্গে সমন্বয় করে প্রদেশটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনাও তাদের ছিল বলে দাবি করেছে আইআরজিসি।

ইরানের নিরাপত্তা বাহিনীগুলোর যৌথ অভিযানের মাধ্যমে হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়ার পাশাপাশি চক্রটির দুই সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন