ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোনায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতি ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, রাত সাড়ে ৮টার দিকে ভায়না বাজারে একটি স্কুলের পাশে দাঁড়িয়ে ছিলেন মোনায়েম হোসেন। এ সময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তিনি আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মার্কিন অবরোধের কৌশলকেই উল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে তেহরান
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত